বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেছেন ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ।
বুধবার (১২ আগস্ট ২০২৬) এক সংবাদ বিবৃতিতে তিনি বলেন, “আমার চোখে তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি পরিবর্তনের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলা একজন রাষ্ট্রনায়ক।”
বিবৃতিতে কাজী সাইমুম সিরাজ বলেন, তারেক রহমানের রাজনৈতিক চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের কথা শোনা এবং তাদের প্রয়োজনকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে রাখা। রাজনীতিকে শুধু ক্ষমতা অর্জনের মাধ্যম হিসেবে না দেখে মানুষের জীবনমানের পরিবর্তন ও রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের দায়িত্ব হিসেবে দেখার বিষয়টি তাঁর নেতৃত্বে বিশেষভাবে প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, “কথার রাজনীতির পরিবর্তে কাজের রাজনীতিকে গুরুত্ব দেওয়াই হওয়া উচিত আধুনিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বন্ধ শিল্প পুনরায় চালু করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব।”
তারেক রহমানের নেতৃত্বের দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত বাংলাদেশ কেবল বড় অবকাঠামোর ওপর গড়ে ওঠে না; এর জন্য প্রয়োজন সুশাসন, জবাবদিহি, আইনের শাসন, দক্ষ জনশক্তি এবং নাগরিকের মর্যাদা নিশ্চিত করা। তারেক রহমানের নেতৃত্বের মূল শক্তিই হলো জনগণের প্রতি দায়বদ্ধতা এবং ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা।