রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করে নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারে কঠোর অবস্থান নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
চলমান উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেট সরেজমিনে পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক জানান, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চলছে। ইতোমধ্যে ভদ্রা, মহিলা কলেজ রোড এবং মেডিকেলের সামনের একাংশের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
পরবর্তী পর্যায়ে লক্ষ্মীপুর, জিরোপয়েন্ট, সোনাদিঘি মোড়, রেলগেট ও গণকপাড়াসহ অন্যান্য ব্যস্ত এলাকার ফুটপাত দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান রাসিক প্রশাসক। তাঁদের পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
নগরীর ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক সাহেববাজার কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান ঘুরে দেখেন।
বিশেষ করে সাহেববাজার কাঁচাবাজার ও মাছপট্টির দ্বিতীয় তলায় অবহেলিত অবস্থায় পড়ে থাকা ৮৯টি দোকান পরিদর্শন করেন তিনি। এসব দোকান ও সংশ্লিষ্ট স্থানের বর্তমান অবস্থা পর্যালোচনা করে সেগুলো ব্যবহার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রশাসক।
এ ছাড়া মার্কেটটি নতুন করে নির্মাণ অথবা আধুনিকায়ন করা যায় কি না, সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নগরীর ফুটপাত দখলমুক্ত করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন এবং অব্যবহৃত মার্কেটগুলোকে কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীর নাগরিকসেবা ও ব্যবসায়িক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
কালান্তর নিউজ