কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতাকে আটকের পর প্রায় এক ঘণ্টা থানায় রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বটতলা (গোলাপ খাঁ) বাজারসংলগ্ন একটি করাতকলের পেছনে লাখ টাকার জুয়ার আসর বসেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্যরা পালিয়ে গেলেও জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজকে আটক করা হয়।
পরে তাঁকে থানায় নেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
জুয়ার আসর থেকে আটকের পর একজন রাজনৈতিক সংগঠনের নেতাকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের পেছনে কী কারণ ছিল, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পরে থানার সেকেন্ড অফিসার অপূর্ব কুমার জানান, আব্দুর রাজ্জাক রাজকে থানায় আনার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে কী কারণে তাঁকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে কী ধরনের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।