ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইদুর মিয়ার স্ত্রী বাক্প্রতিবন্ধী তাসলিমা আক্তার। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর স্বামী সাইদুর মিয়া।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শ্রীঘরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সাইদুর মিয়া।
অভিযোগে অভিযুক্ত হিসেবে একই গ্রামের আজিজুল মিয়া (৫২), রাজিব মিয়া (২৬), সাহিব মিয়া (২৪), সাকিব মিয়া (২২) ও মালেকা বেগমের (৪৮) নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী সাইদুর মিয়ার দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন অভিযুক্তরা তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন সাইদুর মিয়া।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আজিজুল মিয়া বলেন, “আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া চলাকালে আমি বাড়ি দিলে তাঁর মাথায় আঘাত লাগে। আইন অনুযায়ী যা হবে, তা আমি মাথা পেতে নেব।”
অভিযুক্ত মালেকা বেগমও ঘটনার কথা স্বীকার করে জানান, সামান্য গাছ লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তাঁর দাবি, তাঁরা নিজেরাও অপর পক্ষের অত্যাচারের শিকার এবং প্রতিবন্ধী হওয়ার কারণে সব সময় ভয়ে থাকেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ ও দায়দায়িত্ব সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।