কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ মো. রহিদুল ইসলাম অহিদুল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছে পুলিশ।