মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানী এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর (রোববার) তিনি ঢাকায় এসে পৌঁছাবেন এবং সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শেষে ২৮ নভেম্বর পাকিস্তানে ফিরে যাবেন।
পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং ঐতিহ্যবাহী দারুল উলুম করাচির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী এই বিশ্ববরেণ্য স্কলারের সফরকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজক সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, সফরকালে তিনি রাজধানীর কাওলায় একটি গ্র্যাজুয়েশন সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি ফরিদাবাদ মাদরাসার বিশেষ সম্মেলন, হাইয়্যাতুল উলয়া ও বেফাকের উদ্যোগে আয়োজিত সেমিনার এবং তাঁর লেখালেখি ও গবেষণা কর্মের ওপর আলেম-লেখকদের বিশেষ মজলিসসহ একাধিক ইসলামি মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন। এছাড়া একাধিক দরসে হাদিস প্রোগ্রামেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরী।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অঙ্গনে ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতির পণ্ডিত হিসেবে খ্যাত এই স্কলার। বিশ্ববরেণ্য এই আলেমের আগমন ঘিরে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে আয়োজক কমিটি।