জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল আলম।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মিরসরাইয়ের উদ্যোগে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
কৃষি ও মৎস্য খাতের বিপণনে উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফয়সাল আলমকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁর এ অর্জন মিরসরাইয়ের তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ফয়সাল আলম বলেন, ‘জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।
এ স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। কৃষি ও মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, তরুণেরা চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ সম্মাননা প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এর আগে সকালে উপজেলা মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।
সহকারী যুব কর্মকর্তা সামশুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর।
এ ছাড়া যুব দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।