সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মরা চানমেয়খালী খালসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও স্টেশন কোকিলমনির যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সক্রিয় বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের জিম্মিদশা থেকে ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৩ মে বিকেল থেকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা অতর্কিত গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের সংঘাতের একপর্যায়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ‘করিম শরীফ বাহিনী’র সক্রিয় সদস্য হিসেবে চাঁদাবাজি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন দস্যুতা কার্যক্রমে জড়িত ছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
৩টি একনলা বন্দুক
১টি দেশীয় পিস্তল
৪৯ রাউন্ড তাজা কার্তুজ
১৮৭ রাউন্ড এয়ারগান গোলা
২টি ওয়াকিটকি এবং ৪টি ওয়াকিটকি চার্জার
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জীবন রক্ষায় এ ধরনের আইন প্রয়োগকারী সংস্থার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।