খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরে তুষার ওরফে তাওহিদুল ইসলাম (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে প্রতিপক্ষ সন্ত্রাসী গোষ্ঠী ‘বি কোম্পানি’র হাত রয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন ও খাদেমুল উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মাদ্রাসার সামনে একদল যুবকের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে তুষারকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার শরীরে লাগলে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-ফিফটিন (R-15) মোটরসাইকেলসহ দুটি গুলির খোসা আলামত হিসেবে জব্দ করে।
নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের তথ্য মতে, নিহত তুষার কারাগারে থাকা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন। চলতি বছরের জুন মাসে অস্ত্রসহ গ্রেফতারের পর সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির ২টি মামলা বিচারাধীন রয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র ক্যাডাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।” হত্যাকারীদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।