নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত এক জুট মিলে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি এবং থানা থেকে লুণ্ঠিত ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
আজ ৫ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকায় অবস্থিত পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে এ অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, অভিযানকালে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চত্বরে থাকা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে জুট মিলের ভেতরে বিস্তৃত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও লুণ্ঠিত কার্তুজগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১১ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত দেশীয় এলজি ও ৯ রাউন্ড কার্তুজ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।