মিরসরাই উপজেলার মধ্যমায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় আয়োজিত এ কমিউনিটি ডায়ালগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও অগ্রগতি নিশ্চিতকরণ এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের সক্রিয় ভূমিকার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান।
এছাড়া জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য রোগব্যাধি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করেন। বক্তব্যের পাশাপাশি ভিডিওচিত্রের মাধ্যমে বিভিন্ন রোগের কারণ, প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের কমিউনিটি ডায়ালগের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।