২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম)।
তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন। তাঁর এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
তামযীদ তাহসীন রেজার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাঁচপাড়া গ্রামে। তাঁর বাবা অধ্যাপক ড. রেজাউল করিম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক। মায়ের নাম শামসুন্নাহার বেগম (শেফালি)। বাবার কর্মস্থলের সুবাদে চট্টগ্রামে থেকে পড়াশোনা করেন তামযীদ।
নিজের এই অসাধারণ ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে তামযীদ জানান, ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন প্রকৌশলী হতে চান তিনি। ফলাফল সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’
ছেলের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বাবা অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, ‘বিভিন্ন ওয়েব পোর্টালে দেখেছি, নম্বর অনুযায়ী ও প্রথম। বাবা-মা হিসেবে ব্যাপারটি খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, সেই অনুযায়ী ভালো ফল করতে পেরেছে।’
এদিকে, তামযীদের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর গ্রামের বাড়ি শ্রীপতিপুরসহ গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। নিজ এলাকার একজন শিক্ষার্থীর এমন অর্জনে গর্বিত স্বজন, শিক্ষক ও এলাকাবাসী।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ৯৯ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন।
পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত ১৫ বছরের মধ্যে এবারই চট্টগ্রাম বোর্ডে সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে।
প্রতিকূল ফলাফলের মধ্যেও তামযীদ তাহসীন রেজার এই অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।