দেশের কিংবা দলের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রদল সবসময় জাগ্রত ছিল এবং আজও রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, মৌলিক রাজনৈতিক অধিকার ও দলের অস্তিত্ব রক্ষার আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীরা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। নানা প্রতিকূলতা, জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন ও অসামান্য ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে সংগঠনের প্রতি নিজেদের দায়িত্ব ও অবিচল অঙ্গীকারের প্রমাণ দিয়ে চলেছেন তারা।
তবে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রমেই বড় হয়ে সামনে আসছে—দুঃসময়ে যাদের বুকফাটা ত্যাগ, রক্ত ও শ্রমের ওপর ভর করে দল ঘুরে দাঁড়ায়, সুসময়ে সেই ছাত্রদলের মুখী নেতাকর্মীরাই কেন বারবার অবহেলা ও বঞ্চনার শিকার হন?
সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রত্যাশা, ছাত্রদল কোনো অবৈধ বিত্ত-বৈভব কিংবা ব্যক্তিগত বিশেষ সুবিধা চায় না। তারা চান নিজেদের ত্যাগের যথাযথ মূল্যায়ন, সুনির্দিষ্ট সাংগঠনিক মর্যাদা, সম্মান এবং ন্যায্য অধিকার। পাশাপাশি পড়াশোনা শেষে শিক্ষা, কর্মসংস্থান ও স্বচ্ছন্দে জীবনযাপনের মৌলিক নিশ্চয়তাও তাদের অন্যতম প্রধান প্রত্যাশা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রসংগঠন কেবল আন্দোলন-সংগ্রামের মাঠের শক্তিই নয়; এটি ভবিষ্যতে দেশ পরিচালনার সঠিক নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান উর্বর ক্ষেত্র। তাই দলের দুঃসময়ে যারা নিজেদের জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ছিলেন, সুসময়ে তাদের যথাযথ মূল্যায়ন করা দলের কেন্দ্রীয় নেতৃত্বের অবশ্যম্ভাবী সাংগঠনিক দায়িত্ব।
সংশ্লিষ্টদের জোরালো প্রত্যাশা, ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য ছাত্রনেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা হোক। কারণ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন নয়, বরং তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাঝেই একটি রাজনৈতিক সংগঠন আরও বেশি শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হয়ে উঠতে পারে।