ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ গঠনে আইনের শাসন নিশ্চিত করতে শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শ অনুসরণ অত্যন্ত জরুরি। রাষ্ট্র ও সমাজে প্রকৃত শান্তি ফেরাতে ইনসাফ প্রতিষ্ঠা করা এবং মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষা করা অপরিহার্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত সুপ্রিম কোর্টের ২০২৬ ব্যাচে নবতালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমোনাই বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। একরাশ প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল এবং তাদের প্রধান দাবি ছিল স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ। কিন্তু বর্তমানে সংস্কার কাজে গড়িমসি ও বিচার প্রক্রিয়ায় স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন লক্ষ করা যাচ্ছে।”
তিনি আরও যোগ করেন, শরিয়াহ কেবল কিছু নির্দিষ্ট প্রথা নয়, এর মূল দর্শনের সাথে জড়িয়ে রয়েছে মানুষের অধিকার রক্ষা, মানবিক মর্যাদা ও সামাজিক সাম্য। ধনী-গরিব ও ক্ষমতাবান নির্বিশেষে সবার জন্য সমান ন্যায়বিচার সুনিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ।
সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়ার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব অ্যাডভোকেট বায়েজীদ হোসাইনসহ সুপ্রিম কোর্টের প্রবীণ ও নবীন আইনজীবীবৃন্দ।