নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্লার মাঠ এলাকায় একটি বাড়ির ছাদ থেকে আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে লক্ষ্মীপাশা মোল্লার মাঠ এলাকার ‘গিরি আপা’ নামে পরিচিত একটি বাড়ির ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত আজিবর শেখ লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিংঘা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক সেখানে না থাকায় অবস্থানরত ভাড়াটিয়ারা প্রথমে ছাদে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা লোহাগড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আজিবর শেখ ছিলেন একজন নিরীহ ও সাধারণ ভ্যানচালক। তিনি স্থানীয় বাজারের বিভিন্ন দোকানে কাঠসহ নানা ধরনের মালামাল পরিবহনের কাজ করতেন।
তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।