পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের কাছে আগের ম্যাচে ৩ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিল ভারত। সেমিফাইনালে ওঠার সমীকরণ মেলাতে আরব আমিরাতের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না তাদের সামনে। এমন বাঁচামরা ম্যাচেই জ্বলে উঠলেন বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। খেললেন ১৬৮ বলে ১৬০ রানের এক মহাকাব্যিক ইনিংস। আর এই বিধ্বংসী সেঞ্চুরিতেই তিনি পূরণ করলেন বাবাকে দেওয়া এক বিশেষ প্রতিশ্রুতি।
গতকাল ওমানের আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে আর্যবীরের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ৩০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারতের যুবারা। জবাবে আমিরাত গুটিয়ে যায়, ফলে ৭০ রানের দাপুটে জয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।
শুরুর দিকে উইকেট কিছুটা চ্যালেঞ্জিং থাকায় আর্যবীরের ব্যাট থেকে প্রথম রান আসে ১৪তম বলে। কিন্তু ক্রিজে সেট হওয়ার পর তিনি ঠিকই প্রমাণ করেন ‘যেমন বাবা, তেমন ছেলে’ প্রবাদটি। আমিরাতের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ১৬০ রানের ইনিংসে তিনি হাঁকান ৭টি বিশাল ছক্কা ও ১৭টি চার। অর্থাৎ, ১১০ রানই এসেছে বাউন্ডারি থেকে! ৬৯ বলে ফিফটি ছোঁয়ার পর ১৩১ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এরপর মাত্র ২৯ বল খেলেই পৌঁছে যান দেড় শ রানের মাইলফলকে।
ম্যাচ শেষে বাবার প্রসঙ্গে বলতে গিয়ে ম্যাচসেরা আর্যবীর বলেন, “আজ আমি একজনকে বড় স্কোর করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই মানুষটি আমার বাবা। তিনি শুধু বড় সেঞ্চুরিকেই গুরুত্ব দেন, ১৫০ রান করতে পারলেই তিনি খুশি হন। আজ তা করতে পেরে আমার খুব ভালো লাগছে।”
তবে আর্যবীরের ইনিংসটি একেবারে নিখুঁত ছিল না। ৪১ ও ১৩৬ রানে আমিরাতের উইকেটকিপার মোহাম্মদ সাদ তাঁর দুটি ক্যাচ না ছাড়লে হয়তো গল্পটা অন্যরকম হতে পারতো। তবে বাউন্ডারি হাঁকানোর যে সহজাত ক্ষমতা আর্যবীর দেখিয়েছেন, তাতে তাঁকে শেবাগের ‘মিনি ভার্সন’ বলাই যায়।
আগামীকাল সেমিফাইনালে ভারতের যুবারা মুখোমুখি হবে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের। একই দিনে অপর সেমিফাইনালে হাইভোল্টেজ ম্যাচে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল।