ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারা-নাটিয়া শেখবাড়ির সামনে নগদ মোবাইল ব্যাংকিংয়ের এক ডিএসআর (DSR)-এর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও অভিযোগকারী বাবলু (যাঁর বাড়ি শ্যামগঞ্জ এলাকায়) নগদ প্রতিষ্ঠানে ডিএসআর হিসেবে দায়িত্ব পালনকালে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত তাঁর ওপর এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন নগদ থেকে উত্তোলন করা টাকা নিয়ে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর চড়াও হয়ে বেদম মারধর করা হয়। পরবর্তীতে তিনি কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে স্থানীয়ভাবে নিরাপদ আশ্রয়ে যান। ঘটনার পরদিন অবস্থার অবনতি হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা ও এক্সরে করানোর পর তাঁর হাত ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় বা জড়িতদের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে দিনের আলোয় ব্যস্ত সড়কে এমন সন্ত্রাসী হামলায় স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ফিল্ডে কাজ করা অন্যান্য কর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালান্তর নিউজকে জানান, “উক্ত বিষয়ে আমার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছি। ঘটনার সঙ্গে ঠিক কারা জড়িত, তা সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রমাণ সাপেক্ষে শনাক্তে আমাদের জোরালো চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”