একবার টাকা দিয়েও মেলেনি নিস্তার, বরং সেখান থেকেই শুরু হতো একের পর এক ব্ল্যাকমেইলের শিকার হওয়ার ভয়াল অধ্যায়। ফাঁদে ফেলে গোপনে ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে মাসের পর মাস বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া একটি ভয়ংকর হানি ট্র্যাপ চক্রের মূল হোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর সুনির্দিষ্ট নজরদারিতে রাজধানীর তুরাগ থানা এলাকার মেইন রোডের ‘আলিফা সিরাজ টাওয়ারে’ অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ চক্রটিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নামে একাধিক আকর্ষণীয় আইডি খুলে সাধারণ মানুষদের ফাঁদে ফেলত। পরবর্তীতে আস্তানায় এনে ভুক্তভোগীদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখা হতো। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দফায় দফায় মোটা অঙ্কের টাকা দাবি করত তারা। একবার টাকা পরিশোধ করলেও ব্ল্যাকমেইল বন্ধ না করে বারবার চাপ সৃষ্টি করাই ছিল এদের মূল কৌশল। পুলিশের চোখ ফাঁকি দিতে চক্রটি ঘন ঘন বাসা ও আস্তানা পরিবর্তন করত।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়
গ্রেপ্তার হওয়া হানি ট্র্যাপ চক্রের ছয় সদস্যরা হলেন: ১. জিৎ ভক্ত ওরফে আব্দুল রহমান: বাগেরহাট জেলার চিতলমারী থানার পার ডুমুরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনিই এই পুরো ব্ল্যাকমেইল সিন্ডিকেটের প্রধান মূল হোতা। ২. প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ: বাগেরহাটের চিতলমারী থানার পার ডুমুরিয়া এলাকার বাসিন্দা এবং মূল হোতা জিৎ ভক্তের আপন ভাগিনা। ৩. অর্থজিৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ: বাগেরহাটের চিতলমারী থানার বাসিন্দা। ৪. সাবরিনা কোভিড: বাগেরহাট জেলার বাসিন্দা ও চক্রের সক্রিয় সদস্য। ৫. সাদি ইয়াসমিন ওরফে ভাই: সাতক্ষীরা সদর থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি মূল হোতা জিৎ ভক্তের ভাগিনার স্ত্রী এবং চক্রের অন্যতম সক্রিয় সদস্য।
গ্রেপ্তারকৃতরা ঢাকার তুরাগের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ঘটনায় ডিএমপির তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের বিশেষ সতর্কবার্তা
হানি ট্র্যাপ ও সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এই ধরনের প্রতারণা বা ফাঁদে পড়লে ভয় পেয়ে অপরাধীদের টাকা না দিয়ে অবিলম্বে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের মতে, একবার টাকা দিলে এই চক্রগুলো আরও বেশি মানসিক ও আর্থিক চাপে ফেলে ব্ল্যাকমেইল করতে থাকে।