ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজন মিয়া নবীনগর পূর্বপাড়ার কালু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নবীনগর থানার এসআই স্বরূপ কান্তি পাল, পিএসআই সাকিব, এএসআই প্রদীপ দাস ও এএসআই শফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর সদর বাজারের ইসলামী ব্যাংকসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১৭২ পিস ইয়াবাসহ রাজন মিয়াকে আটক করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজন মিয়ার বিরুদ্ধে থানায় চুরি ও মাদকদ্রব্য-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোরশেদুল আলম চৌধুরী।