দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের রসুলপুর মোড়ে সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। খোলাহাটি ক্যান্টনমেন্ট–বদরগঞ্জ–পার্বতীপুর সংযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ফলে প্রতিদিন হাজারো পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, রসুলপুর মোড়ে একটি ড্রেন থাকলেও সেটি দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে ড্রেনটির বিভিন্ন অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়কের দুই পাশে ব্যক্তিমালিকানাধীন জমিতে উঁচু করে মাটি ভরাট ও অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ করায় প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আগে বৃষ্টির পানি সহজেই চারপাশের নিচু জমিতে নেমে যেত। কিন্তু বর্তমানে রাস্তার দুই পাশ আটকে যাওয়ায় জমা পানি সরতে পারছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ নিজস্ব অর্থায়নে পাইপ বসানোর চেষ্টা করলেও জমির মালিকদের আপত্তির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর আকুল আবেদন, কর্তৃপক্ষ যেন দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, ক্ষতিগ্রস্ত ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেয়।