সরকার কিংবা ক্ষমতার পালাবদল হলেও ভাগ্য বদলায়নি খুলনার ফুলবাড়ীগেট এলাকার বাসিন্দাদের। রাজনৈতিক প্রভাব ও পেশীশক্তিকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র ফুলবাড়ীগেট থেকে নদীর ঘাট পর্যন্ত বিস্তৃত সরকারি হাই ড্রেন দখল করে অবাধে চালিয়ে যাচ্ছে লাখ লাখ টাকার অবৈধ বাণিজ্য।
অনুসন্ধানে জানা গেছে, ফুলবাড়ীগেটের এই হাই ড্রেনের প্রতি ফুট জায়গা ২০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। ড্রেনের ওপর অবৈধ কাঁচা-পাকা ঘর তুলে প্রতি মাসে মোটা অংকের ভাড়া আদায় করছে প্রভাবশালী চক্রটি।
হাই ড্রেন দখলের ফলে একদিকে যেমন ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে যানজট ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ছেন কুয়েটসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, হাসপাতালে আসা রোগী ও পথচারী মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ।
স্থানীয় এক ভুক্তভোগী দোকানদার নাম প্রকাশ না করার শর্তে কান্নাজড়িত কণ্ঠে জানান, “এটা দখল না, স্পষ্ট সন্ত্রাসী নৈরাজ্য। এই দখলের বিরুদ্ধে বা প্রতিবাদ জানালে দোকান ভেঙে দেওয়া ও এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়।”
রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই দখলদারদের ভয়ে মুখ খুলতে সাহস পান না সাধারণ মানুষ। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন— ক্ষমতা ও পেশীশক্তির কাছে কি এভাবেই সাধারণ মানুষের পরাজয় চলতে থাকবে? আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের কি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই?
এলাকাবাসীর জোর দাবি, অসাধু চক্রটির দখল বাণিজ্য সমূলে উৎপাটন করতে খুলনা সিটি কর্পোরেশন (KCC) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (KDA) অবিলম্বে যৌথ অভিযান চালিয়ে হাই ড্রেনটি সম্পূর্ণ দখলমুক্ত করতে হবে।