২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং কর্মমুখী ক্যারিয়ার গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামের মিরসরাইয়ে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার মিরসরাইয়ের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজির আওতাধীন IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম। সেমিনারে কারিগরি শিক্ষার গুরুত্ব, দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন IBIT পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান রিমন বড়ুয়া এবং সিভিল টেকনোলজি বিভাগের প্রধান মো. মুনতাকিম হোসেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রাতিষ্ঠানিক সনদের পাশাপাশি বাস্তবমুখী ও হাতে-কলমে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। দেশীয় ও আন্তর্জাতিক শিল্পখাতে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমাগত বাড়ছে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করে তরুণরা সহজেই নিজেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগও পেতে পারে।
সেমিনারে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথি ও শিক্ষকমণ্ডলী। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক সেমিনার অব্যাহত রাখা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো. মুনতাকিম হোসেন।