মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুরসহ গড়াই নদীতীরবর্তী চরাঞ্চলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ ফসলের মাঠ ও বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষক ও নিম্নআয়ের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সরেজমিনে চরমহেশপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদীসংলগ্ন নিম্নাঞ্চলের ঘরবাড়ি, উঠান ও রান্নাঘরে পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার উঁচু স্থানে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি চরাঞ্চলের বিভিন্ন জমিতে আবাদ করা ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে গড়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
চরমহেশপুর গ্রামের এক গৃহবধূ বলেন, “ঘরের চারপাশে পানি উঠে গেছে। রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ছোট শিশুদের নিয়ে খুব কষ্টে আছি।”
স্থানীয় কৃষকরা জানান, নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। দ্রুত পানি না কমলে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, “নদীতীরবর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা প্রস্তুত এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”