জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন এলাকায় প্রতিদিন দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। ক্ষুধার তাড়না আর মায়ের প্রতি ভালোবাসা থেকে যুবক ওবাইদুল তার অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী মা নুরবানুকে কখনো কাঁধে, কখনো বা কোলে বহন করে ভিক্ষা করছেন। এই ভিক্ষার সামান্য আয়েই কোনোমতে বেঁচে আছেন মা-ছেলে।
জানা গেছে, ওবাইদুলের মা নুরবানু কয়েক বছর আগে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও তিনি এখন আর নিজে দাঁড়াতে বা হাঁটতে পারেন না। ফলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচবিবি রেলস্টেশন ও বাজার এলাকায় মাকে কাঁধে নিয়েই দ্বারে দ্বারে ঘুরতে হয় ওবাইদুলকে। ভিক্ষা শেষে রাতের বেলা তাঁদের আশ্রয় হয় স্টেশন প্ল্যাটফর্মে, কারণ মাথা গোঁজার মতো কোনো নিজস্ব ভিটেমাটি নেই তাঁদের।
ওবাইদুল জানান, পাবনার ভেড়ামারা এলাকার বাসিন্দা জয়নাল হোসেনের সঙ্গে তাঁর মায়ের বিয়ে হয়েছিল। কিন্তু ছোটবেলায় বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাঁরা। তারপর থেকে বাবা আর কখনো কোনো খোঁজখবর নেননি।
মায়ের প্রতি ওবাইদুলের এমন ভালোবাসা দেখে চোখ ভেজে অনেকেরই। ওবাইদুল জানান, “আমি কাজ করে খেতে পারি। কিন্তু মাকে একা ফেলে কোথাও যাওয়ার উপায় নেই। কারণ তাঁর মানসিক সমস্যা আছে, একা রাখলে কোথায় চলে যাবেন ঠিক নেই। তাই বাধ্য হয়েই মাকে কাঁধে নিয়ে মানুষের কাছে হাত পাততে হয়।” মায়ের গোসল, খাওয়ানো থেকে শুরু করে সব ধরনের সেবা নিজেই করেন ওবাইদুল।
চরম দারিদ্র্যের মধ্যেও মায়ের প্রতি এ যুবকের অকৃত্রিম ভালোবাসা স্থানীয়দের উদ্বেলিত করেছে। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে ওবাইদুলের আকুল আবেদন— তাঁর অসুস্থ মায়ের জন্য অন্তত একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হোক, যাতে প্রতিদিন মাকে কষ্ট করে কাঁধে বইতে না হয়। স্থানীয়রা প্রশাসন ও মানবিক সংগঠনগুলোকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।