মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেওয়া হয়। একইসাথে সভায় ২০২৫ সালে কোম্পানি কর্তৃক মোট ২৮৬.৭৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধের বিষয়টি তুলে ধরা হয়।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে এই এজিএম অনুষ্ঠিত হয়। সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, মিসেস জান্নাতুল ফেরদৌস, মো. জাহিদ আনোয়ার খান, মো. মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসীসহ অন্যান্য পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক খান এসিএস।
সভায় চেয়ারম্যান জানান, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে মেঘনা লাইফ ইনস্যুরেন্স প্রযুক্তি নির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। পরিশেষে ২০২৬ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), বিএসইসি, শেয়ারহোল্ডার ও কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।