বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাদ আছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জকসু প্রতিনিধি এবং বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মিলাদের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয়টি যাঁর অবদানে ও কল্যাণে আজ প্রতিষ্ঠিত, সেই বেগম খালেদা জিয়ার জন্য আমরা সর্বদা দোয়া করব। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।” অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামছুল আরেফিনের সঞ্চালনায় এই আলোচনা পর্বটি পরিচালিত হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমামের পরিচালনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণে জীবন উৎসর্গকারী প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের সমৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মোনাজাতে নারীদের বিশেষ স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।