ছেলের এইচএসসি পরীক্ষায় পাসের আনন্দে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। তবে সেই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি।
ঘটনার সূত্রপাত
শনিবার (৩১ অক্টোবর) সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই দিন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজের ফেসবুক আইডিতে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন তিনি।
এরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ছাত্রদলের মতো একটি ছাত্র সংগঠনের জেলা সভাপতির ছেলের এইচএসসি পাসের বিষয়টি সামনে এনে অনেকে তাঁর বয়স ও নেতৃত্বে থাকা নিয়ে প্রশ্ন তোলেন।
বিলুপ্ত ঘোষণা দুই জেলার কমিটি
বিতর্কের মধ্যেই রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ দুই জেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। সিদ্ধান্তটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আট বছর ধরে দায়িত্বে ছিলেন শাহজাহান
জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রায় আট বছর ধরে ওই কমিটি দায়িত্ব পালন করে আসছিল।
যা বললেন সাবেক সভাপতি
এ বিষয়ে সদ্য সাবেক সভাপতি শাহজাহান খান বলেন, “আমার বাচ্চা থাকতে পারে, আমি কি সেটা অস্বীকার করব? আমি ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হই। বিগত ১৭ বছর আমার দল ক্ষমতায় ছিল না। ওই সময় ছাত্রদল করার মতো মানুষ ছিল না। সে সময় বিবেচনা করে আমাকে সভাপতি করা হয়েছিল।”
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের এইচএসসি পাসের পোস্ট নিয়ে আলোচনা তৈরি হলেও কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।