রাজশাহী মহানগরীতে অটোরিকশা চালকদের ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে বৃষ্টি, ভোরের আলো ফোটার আগে বা গভীর রাতে সুযোগ পেলেই চালকরা যাত্রীদের জিম্মি করে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের বিবরণ: সম্প্রতি কোর্ট স্টেশন থেকে তেরোখাদিয়া হয়ে সাহেববাজার যাওয়ার জন্য সিঙ্গেল অটোরিকশার ভাড়া জানতে চাইলে চালক আকাশকুসুম ১৬০ টাকা দাবি করেন। অথচ স্বাভাবিক সময়ে এই রুটের ভাড়া ৮০ থেকে ১০০ টাকার বেশি হওয়ার কথা নয়। বৃষ্টির অযুহাতে চালকদের এই অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
স্টেশন এলাকায় বেপরোয়া পরিস্থিতি: রাজশাহী রেলওয়ে স্টেশন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অটোরিকশা চালকদের দৌরাত্ম্য আরও বেশি। বাইরে থেকে আসা যাত্রীদের অপরিচিত মনে হলেই তাদের জিম্মি করে ৩০ টাকার ভাড়ার বদলে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
প্রশাসনের উদাসীনতা ও যাত্রীদের ক্ষোভ:
যাত্রীদের অভিযোগ, এসব চালকের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন। কোনো নির্দিষ্ট ভাড়ার চার্ট না থাকা এবং প্রশাসনের নজরদারি না থাকার সুযোগে তারা সাধারণ মানুষের পকেট কাটছে। ভুক্তভোগী যাত্রীরা অবিলম্বে নগরীর অটোরিকশা রুটে নির্দিষ্ট ভাড়া নির্ধারণ এবং অতিরিক্ত ভাড়া আদায়কারী চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।