খুলনার ঐতিহ্যবাহী শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টম্বর সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষার আনুষ্ঠানিক সূচনা ও হিফজের সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ‘আলিফ-লাম-মীম, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি’ আয়াত থেকে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক প্রদান করেন মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ইব্রাহিম।
সবক প্রদান শেষে তিনি পবিত্র কোরআন তিলাওয়াত ও হিফজের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ইউনুস আলী, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মাহমুদুল্লাহ, সহকারী শিক্ষক হাফেজ আহাদুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয়। তারা বিশুদ্ধ কণ্ঠে পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে নিজেদের মেধা ও প্রতিভার পরিচয় দেয়।
অভিভাবকরা জানান, সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসার এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তারা মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ইব্রাহিম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।