শিক্ষার ভবিষ্যৎ, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও শিক্ষাপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
(UNGA 81)-এর পার্শ্ববর্তী বৈশ্বিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে Education House at UNGA 81 আয়োজিত “Empowering Teachers in Low-Resource Classrooms to Co-Design EdTech for Student-Centered Learning” শীর্ষক সংলাপে তিনি অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আলোচনায় স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষকদের ভূমিকা, শিক্ষাপ্রযুক্তির ব্যবহার, AI এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিয়ে আলোচনা হয়।
সংলাপে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর হলেও প্রযুক্তি কোনোভাবেই শিক্ষকের বিকল্প নয়। বরং শিক্ষকদের সক্ষমতা বাড়াতে প্রযুক্তিকে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে প্রযুক্তির যথাযথ প্রয়োগ শিক্ষার্থীদের জন্য শেখার সুযোগকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের AI ও আধুনিক শিক্ষাপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষকদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলাই নয়, শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারেও সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
আলোচনায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তবতা, স্থানীয় প্রয়োজন এবং শিক্ষার্থীদের শেখার ফলাফলকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়।
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উন্নয়ন সহযোগীদের সহায়তা কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিভিত্তিক উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে মালদ্বীপের শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহাম্মদ, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (ITU) মহাসচিবের কার্যালয়ের সিনিয়র উপদেষ্টা অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর নীতিমালা ও আজীবন শিক্ষা ব্যবস্থা বিভাগের পরিচালক ড. বোরহানে শাকরুনসহ আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে শিক্ষক-নেতৃত্বাধীন শিক্ষাপ্রযুক্তি উদ্ভাবন, AI-এর দায়িত্বশীল ব্যবহার এবং শিক্ষার্থীকেন্দ্রিক শেখার পরিবেশ তৈরির বিভিন্ন দিক গুরুত্ব পায়।
এর আগে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত “From Classroom to Economy: Modernizing Bangladesh’s Education and Skills—Turning Learning into Jobs, Enterprise and Economic Strength” শীর্ষক আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ববি হাজ্জাজ।
সেখানে শ্রেণিকক্ষের শিক্ষা ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।