বার্ধক্য ও দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে হাসপাতালের বিছানায় কাটছে আশির দশকের পরিচিত কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর দিন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই গুণী শিল্পী তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে বিত্তবানদের সহায়তা চেয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন জায়েদ খান।
শিল্পীর বিপদে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে জায়েদ খান বলেন, “একজন শিল্পীর পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি। আমার সামর্থ্য অনুযায়ী শিল্পীর বিপদে পাশে দাঁড়াই। আমি চাই, প্রত্যেক শিল্পী যদি নিজেদের জায়গা থেকে বিপদগ্রস্ত সহকর্মীদের পাশে দাঁড়ান, তবে কোনো শিল্পীকেই আর চিকিৎসার অভাবে হাসপাতালের বিছানায় কষ্ট পেতে হবে না।”
জীবনের দীর্ঘ সময় কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা রিফাত চৌধুরীর অসুস্থতা ও আর্থিক অনটনের খবরে শিল্পীসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। জায়েদ খানের এই মানবিক উদ্যোগ তাঁর চিকিৎসা খরচে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো এবং নতুন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শীঘ্রই ‘ভায়োলেন্স’ শিরোনামের একটি নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।