চট্টগ্রামের মিরসরাই কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি।
শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন।
এ সময় বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলী, উপজেলা ক্রীড়া পরিষদের আহ্বায়ক তরিকুল রহমান বাবু, পৌরসভা ক্রীড়া কমিটির আহ্বায়ক তোহিদুল ইসলাম নিশান, সদস্য সচিব এস এম মাসুম এবং কলেজছাত্র নূর নবী।
বক্তারা বলেন, সময় মানুষের জীবনের অত্যন্ত মূল্যবান সম্পদ। শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের সমাজ ও দেশের কল্যাণে প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের আন্তরিক ও নিবিড় সম্পর্ক শিক্ষার পরিবেশকে আরও সুন্দর করে তোলে। কলেজের সব নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে মনোযোগের সঙ্গে পড়াশোনা করার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের অংশগ্রহণে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।