একটি রাষ্ট্রকাঠামো সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিক ও প্রেস উইংয়ের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মানবাধিকার সেলের সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের গোয়ালাবাজারস্থ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী ও বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠপুত্র ব্যারিস্টার অর্ণব বলেন, “একটি দেশ ভালো চলছে না কি খারাপ চলছে, তা সঠিকভাবে উপস্থাপনের মূল দায়িত্ব সাংবাদিকদের। ওসমানীনগরের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সংবাদের মান ও বস্তুনিষ্ঠতার প্রশংসা করে তিনি আরও বলেন, “আপনাদের উপস্থাপনের ধরন, স্টাইল ও কোয়ালিটি দেখে আমি গর্ববোধ করি। আপনারা সবসময় তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করেন। এমনকি আমার দলের কোনো ভুলত্রুটি থাকলেও আপনারা তা তুলে ধরবেন—এমন একটি নিরপেক্ষতার ওপর আমার পূর্ণ বিশ্বাস ও ভরসা রয়েছে।”
এ সময় ২০১২ সালে তাঁর পিতা এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় সিলেট জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।