চট্টগ্রামের মিরসরাই বাজারে দীর্ঘদিন ধরে একটি পাবলিক টয়লেট বা গণশৌচাগার না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও দূর-দূরান্ত থেকে আসা মানুষজন। ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ এ বাজারে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হলেও জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পর্যাপ্ত কোনো গণশৌচাগার নেই।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে আগে একটি গণশৌচাগার থাকলেও বর্তমানে সেটি দোকান হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে সাধারণ মানুষের জন্য বাজারে কার্যত কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই।
দিনের বেলায় জরুরি প্রয়োজনে কেউ কেউ রেজিস্ট্রি অফিস এলাকায় যাওয়ার সুযোগ পেলেও রাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা রাতে এ সমস্যায় বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে বাড়িতে ফিরে যান। আবার বাইরের কোনো ব্যক্তি জরুরি প্রয়োজনে পড়লে তাকে হাসপাতাল বা দূরের কোনো স্থানে যাওয়ার পরামর্শ দিতে হয় বলে জানান ব্যবসায়ীরা।
স্থানীয়দের দাবি, বিষয়টি নতুন নয়। দীর্ঘদিন ধরে বাজারে গণশৌচাগারের প্রয়োজনীয়তা থাকলেও অতীতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে মিরসরাই বাজারের নাগরিক সুবিধা বাড়ানোর অংশ হিসেবে এ সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।
ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বলেন, একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গণশৌচাগার থাকা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক নাগরিক সুবিধার অংশ। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও দূরপাল্লার যাত্রীদের জন্য এর প্রয়োজনীয়তা আরও বেশি।
এ অবস্থায় মিরসরাই পৌরসভার পক্ষ থেকে বাজারের উপযুক্ত স্থানে আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ গণশৌচাগার নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
পৌর কর্তৃপক্ষ, বাজার ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের এ নাগরিক দুর্ভোগের অবসান হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।