ফুটবল বিশ্বকাপের পর্দা ওঠার পর থেকেই উপমহাদেশের কোটি কোটি দর্শকের মনে এখন একটাই প্রশ্ন—এবারের আসরে কি মুখোমুখি হতে পারে দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা? কার্লো আনচেলত্তির ব্রাজিল এবং লিওনেল স্কালোনির আর্জেন্টিনা—উভয় দলই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মিশন শুরু করতে যাচ্ছে।
গ্রুপ পর্বের প্রতিপক্ষ ও সময়সূচি: এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাজিল খেলছে ‘সি’ গ্রুপে; তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। আগামীকাল (১৩ জুন) ভোর ৪টায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা।
যেসব সমীকরণে হতে পারে সুপার ক্লাসিকো: টুর্নামেন্টের অফিশিয়াল সূচি অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন (শীর্ষস্থান) হয়ে নকআউট পর্বে ওঠে এবং সব বাধা পার হয়, তবে সেমিফাইনালে তাদের দেখা হতে পারে। আবার দুই দলই যদি গ্রুপে রানার্সআপ (দ্বিতীয়) হয়ে পরের পর্বে যায়, তাহলেও সেমিফাইনালে মহারণ দেখার সুযোগ থাকবে। তবে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন ও অন্যটি রানার্সআপ হলে, দুই দলের সম্ভাব্য সাক্ষাৎ ঘটবে সরাসরি স্বপ্নের ফাইনালে। উভয় দল সেরা তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে গেলে সমীকরণটি অনেক জটিল হয়ে পড়বে।
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা অতীত দ্বৈরথ: বিশ্বমঞ্চে দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাস খুব দীর্ঘ নয়। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র ৪ বার লড়েছে এই দুই লাতিন পরাশক্তি। পরিসংখ্যান বলছে, ৪ বারের দেখায় ব্রাজিল জিতেছে ২টিতে, আর্জেন্টিনা ১টিতে এবং বাকি ১টি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
বিশ্বকাপের ঐতিহাসিক কিছু স্মৃতি: ১৯৭৪ সালের বিশ্বকাপে ব্রাজিল ২-১ গোলে এবং ১৯৮২ বিশ্বকাপে ৩-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। ১৯৭৮ সালের ম্যাচটি ড্র হয়। তবে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার জাদুকরি পাস থেকে ক্লাউদিও কানিজিয়ার ঐতিহাসিক গোলে ব্রাজিলকে শেষ ষোলো থেকেই বিদায় করে দিয়েছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ৩৬ বছর ধরে বিশ্বকাপে আর দেখা হয়নি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।