ম.ম. রবি ডাকুয়া, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। একই দিনে ফকিরহাটে সুজন শেখ (২৩) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পৃথক দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট উপজেলার দারিয়াতলা গ্রামে নিহত দুই শিশু হলো জান্নাতি (১১) ও লামিয়া (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন। জান্নাতি স্থানীয় বাসিন্দা মোস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে নামে দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয়রা পানিতে তাদের ভাসতে দেখেন। উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামে সুজন শেখ নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নিজ বসতঘরের আড়ার সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
ফকিরহাট মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
একই দিনে জেলার পৃথক দুটি ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।