কুড়িগ্রামের রাজারহাটে যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রাখা ও সুস্থ ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাজীবের মাতা জান্নাতুল ফেরদৌস প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে আবেগপ্লুত কণ্ঠে শহীদ রাজীবের মা বলেন, “যুবসমাজই দেশের মূল ভবিষ্যৎ। আমাদের তরুণরা যেন মাদকের অন্ধকারে হারিয়ে না যায়, বরং খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে—এটিই এখন সবচেয়ে বড় দাবি।”
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাজীবের আত্মত্যাগকে স্মৃতির পাতায় ধরে রাখা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার তাগিদ দেন।
এদিকে মাঠে অনুষ্ঠিত চরম উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় চাকিরপশার ইউনিয়ন একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়ের উল্লাসে মেতে ওঠে উমরমজিদ ইউনিয়ন একাদশ। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।