ক্রিকেটে অন-ফিল্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ব্যাটারদের সাজঘরে ফেরা নতুন কিছু নয়। তবে আন্তর্জাতিক নিয়মানুযায়ী কোনো ব্যাটার সীমানারেখা পার হয়ে মাঠ ছেড়ে গেলে ভুল সংশোধনের জন্য তাঁকে আর ক্রিজে ফিরিয়ে আনার সুযোগ থাকে না। কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঘটেছে এই নিয়মের চরম ব্যত্যয়। আউট হয়ে ড্রেসিংরুমে যাওয়ার পরও ব্যাটারকে ক্রিজে ফিরিয়ে আনা হয়েছে এবং সেই ব্যাটারই ঝোড়ো ইনিংসে দলকে জিতিয়েছেন।
বিতর্কিত ঘটনাটি ঘটে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এবং বার্বাডোস ট্রাইডেন্টসের মধ্যকার ম্যাচে। বার্বাডোসের বাঁহাতি পেসার র্যামন সিমন্ডসের এক উঁচুর ফুলটস বলে ক্যাচ তুলে দেন সেন্ট কিটসের ব্যাটার জনসন চার্লস। অন-ফিল্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে তিনি মাঠ ত্যাগ করেন।
চার্লস ড্রেসিংরুমে চলে যাওয়ার পর সেন্ট কিটস টিম ম্যানেজমেন্ট ও দর্শকদের আপত্তির মুখে বিষয়টি টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয়। রিপ্লেতে বলটি নো-বল প্রমাণিত হলে আম্পায়াররা সিদ্ধান্ত বদলে চার্লসকে নটআউট ঘোষণা করেন এবং ড্রেসিংরুম থেকে তাকে আবার ব্যাটিংয়ে নামানো হয়।
ক্রিকেটের নিয়ম ভেঙে এমন সিদ্ধান্তে বার্বাডোসের অধিনায়ক ক্রিস গ্রিন তীব্র অসন্তোষ প্রকাশ করলেও আম্পায়াররা অটল থাকেন। নাটকের সেখানেই শেষ নয়, চার্লস মাঠে ফিরেই সেই নো-বলের ফ্রি-হিটে হাঁকান বিশাল ছক্কা। আউট হওয়ার সময় ১৫ বলে ২৬ রানে থাকা চার্লস শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে ২১৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে দলকে ৬ উইকেটের জয় উপহার দেন।
ম্যাচ শেষে এই কাণ্ডকে বিশৃঙ্খল উল্লেখ করে সেন্ট কিটস অধিনায়ক জেসন হোল্ডার বলেন, এটি আম্পায়ারদের জন্য একটি বড় সতর্কবার্তা। অন্যদিকে বার্বাডোস অধিনায়ক ক্রিস গ্রিন মন্তব্য করেন, একজন ব্যাটার সাজঘরে ফেরার পর আবার ব্যাটিংয়ে নামার ঘটনা টুর্নামেন্টের ভাবমূর্তিকে চরম ক্ষুণ্ণ করেছে।