নওগাঁ জেলার নওগাঁ-রানীনগর সড়কে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সক্রিয় সহায়তায় চিহ্নিত আন্তঃজেলা ছিনতাইকারী মো. ইমন (২৪)কে একটি দেশীয় অস্ত্র (যা রাম দা নামে চিহ্নিত)সহ আটক করেছে পুলিশ।
আটককৃত ইমন রানীনগর উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের মৃত ইয়ানুর সাকিদারের ছেলে।
পুলিশ জানায়, ইমন তার অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের নিয়ে নওগাঁ-রানীনগর সড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে রাতে অবস্থান করে বাস ও ট্রেনে বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো।
এ ঘটনায় ইমনের বিরুদ্ধে দস্যুতা বিষয়ক মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় বলেন, ছিনতাইকারী ইমনের পলাতক সহযোগীদের গ্রেফতারে নওগাঁ সদর থানা, রানীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে বিভিন্ন স্থানে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সড়কে ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন করবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেছেন কর্তৃপক্ষ।