ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ওয়াজেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা, উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ ভাকুরী এলাকার শাহরিয়ার ফয়সাল (২৫), শিমরাইল এলাকার মো. সাজু মিয়া (২৫), দত্তপাড়া এলাকার মো. সাকিব মিয়া (২৪), কাকনহাটি এলাকার মীর মো. আব্দুল্লাহ (২৪) এবং কালীবাড়ী-দত্তপাড়া এলাকার তন্ময় রায় চৌধুরী (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় পরিচালিত অপর এক অভিযানে মো. সাইফুলসহ আরও একজনকে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পৃথক দুটি অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত শাহরিয়ার ফয়সালের বিরুদ্ধে পূর্বে একটি সিআর মামলা রয়েছে। এ ছাড়া ১ নভেম্বর ২০২৬ তারিখে ঈশ্বরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর নং-০২, জিআর নং-২৩৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।