জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার (২ নভেম্বর) উদ্যাপিত হবে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬। দিবসটি ঘিরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রক্টর অফিস।
রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই সদস্য ছাড়া অন্য কেউ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। ক্যাম্পাসে প্রবেশের সময় প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পরিচয় নিশ্চিত করা না গেলে অ্যালামনাই সদস্যদেরও ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
এ ছাড়া ২০১৬-১৭ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে স্টুডেন্ট আইডি ব্যবহার করে অনুষ্ঠানে প্রবেশের পরিচয়পত্র তৈরি করতে পারবেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে https://jnu.ac.bd/jnuday লিংকটি দেওয়া হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ইভটিজিং, র্যাগিং, মব সৃষ্টি এবং সব ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাগ নিয়ে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে নারী শিক্ষার্থীরা ছোট ব্যাগ সঙ্গে রাখতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠান চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নির্দেশনা সবাইকে যথাযথভাবে মেনে চলতে হবে।
বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।