দেশের তৈরি পোশাক শিল্পের চলমান পরিস্থিতিকে ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের প্রধান রপ্তানি খাতকে সংকট থেকে উত্তরণে মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল ও কমে যাওয়ার কারণে এ শিল্প খাত সংকটের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, অন্যদিকে ঘরভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত ও চিকিৎসা ব্যয়সহ নানা কারণে এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
জামায়াত আমির বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে এর বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধান করা সম্ভব।
তিনি বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক নয়, দেশও বাঁচবে। তাই শিল্প উদ্যোক্তা ও এ খাতে নিয়োজিত শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ ক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যেতে পারে। এ বিষয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই।