কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া ৩৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যদের।
পুলিশ সুপার বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।