যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শিশুদের জন্য প্রচলিত স্বাভাবিক টিকাদান কর্মসূচির পরিধি কমিয়ে আনার এক নির্দেশে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) সমন্বিত টিকাটি তিনটি আলাদা ধাপে দেওয়ার বিতর্কিত সুপারিশও করেছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) ওভাল অফিসে এ বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, কয়েক দশক আগে শিশুদের তুলনামূলকভাবে কম টিকা দেওয়া হতো এবং তখনকার মানুষ বেশি সুস্থ ছিল। এ সময় তিনি শিশুদের মধ্যে অটিজম বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুললেও বিজ্ঞান ও একাধিক গবেষণায় এমএমআর টিকার সঙ্গে অটিজমের কোনো ধরনের সম্পর্কের সত্যতা পাওয়া যায়নি।
ট্রাম্প প্রশাসনের নতুন এই নির্দেশে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) বর্তমান সুপারিশকৃত ১৮টি টিকার পরিবর্তে ১১টি টিকা রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এই নির্দেশ কোনো অঙ্গরাজ্যের জন্য বাধ্যতামূলক নয়; কারণ যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তির জন্য টিকার প্রয়োজনীয়তা অঙ্গরাজ্যগুলোর নিজস্ব আইনের ওপর নির্ভর করে।
প্রেসিডেন্টের এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের প্রেসিডেন্ট ডা. অ্যান্ড্রু রেসিন ট্রাম্পের এই নির্দেশকে ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে যখন বিগত ৩৫ বছরের মধ্যে হামের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, ঠিক সেই সময়ে এ ধরনের সিদ্ধান্ত শিশুদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে।
একইভাবে মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) নিশ্চিত করেছে যে, সমন্বিত এমএমআর টিকাকে আলাদা তিন ভাগে ভাগ করার মাধ্যমে বাড়তি কোনো বৈজ্ঞানিক সুবিধা পাওয়ার প্রমাণ নেই। রিপাবলিকান সিনেটর ও চিকিৎসক বিল ক্যাসিডিও এই নির্দেশের সমালোচনা করে অভিভাবকদের ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।