মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও মানুষের সঙ্গেই থাকতে চাই। মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও লক্ষ্য অর্জনের পথে যা কিছু করা আমার সাধ্যের মধ্যে, নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তা করার চেষ্টা করব—ইনশাআল্লাহ।
ব্যক্তিগত জীবনে বিপুল সম্পদের মালিক হওয়ার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা আমার নেই। আল্লাহর রহমতে আমার বাবার যে সম্পদ রয়েছে, তা চাষাবাদ করেও আমি সম্মান নিয়ে, মাথা উঁচু করে জীবনযাপন করতে পারি। তাই রাজনীতি করে রাতারাতি ভাগ্যের পরিবর্তন, লক্করঝক্কর বাইক বদলে বিলাসবহুল গাড়িতে চড়া কিংবা ক্ষমতাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করার মানসিকতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।
আমার কাছে রাজনীতি কোনো ব্যবসা নয়; রাজনীতি হচ্ছে জনগণের সেবার মাধ্যম।
এই বিশ্বাসকে আমি মনেপ্রাণে ধারণ করে পথ চলছি। জানি, সামনে আরও কঠিন, আরও কর্কশ এবং আরও বন্ধুর পথ পাড়ি দিতে হবে। পথে আসবে নানা প্রতিকূলতা, সমালোচনা, হতাশা কিংবা রাজনৈতিক সংকট। কিন্তু যত কঠিন পরিস্থিতিই আসুক, আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হব না। নিজের সত্তা, আদর্শ, ভালো লাগা, ভালোবাসা এবং রাজনৈতিক দর্শন থেকে আমাকে কেউ একচুলও সরাতে পারবে না। কারণ আমি বিশ্বাস করি, রাজনীতিতে পদ-পদবি কিংবা ব্যক্তিগত অর্জনের চেয়ে আদর্শের প্রতি অবিচল থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নিজের ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে—আমি পারব, ইনশাআল্লাহ।
আমি আমার নেতার কাছ থেকে শিখেছি—রাজনৈতিক সংকটকে কীভাবে ধৈর্য, দূরদর্শিতা ও প্রজ্ঞার সঙ্গে মোকাবিলা করতে হয়। রাজনৈতিক জীবনে উত্থান-পতন, প্রতিকূলতা ও সংকট আসবেই। এগুলো কোনো অস্বাভাবিক বিষয় নয়; বরং একজন রাজনৈতিক কর্মীর পথচলারই অংশ। একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর পরিচয় তখনই পাওয়া যায়, যখন সংকটের মুহূর্তে সে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে, পরিস্থিতি বিশ্লেষণ করে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে পারে।
আমি নিজেকে বড় কোনো পরিচয়ে পরিচিত করতে চাই না। বরং গর্বের সঙ্গে বলতে চাই—আমি দলের একজন সাধারণ কর্মী—এই পরিচয় দিতেই আমি ভালোবাসি। কারণ কর্মীর পরিচয়ের মধ্যেই রয়েছে ত্যাগ, দায়িত্ব, সংগ্রাম এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার।
আর হৃদয় দিয়ে ভালোবাসি আমার দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই দলের আদর্শ, জনগণের ভালোবাসা এবং নিজের নীতিকে সঙ্গে নিয়েই আমার পথচলা। ক্ষমতা কিংবা ব্যক্তিগত প্রাপ্তি নয়—মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কথা বলা এবং মানুষের জন্য কাজ করাই আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।
পথ যত কঠিনই হোক, প্রতিকূলতা যত গভীরই হোক—আমি আমার আদর্শ থেকে সরে যাব না। কারণ আমি বিশ্বাস করি, সত্যিকারের রাজনৈতিক পথ কখনোই সহজ হয় না; কিন্তু সেই পথেই মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের সুযোগ থাকে।
ইনশাআল্লাহ, মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। আমি দলের একজন সাধারণ কর্মী—এটাই আমার পরিচয়, এটাই আমার গর্ব।
লেখক: সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মাগুরা জেলা ছাত্রদল।