বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে গোপালগঞ্জে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বইমেলা। আজ শুক্রবার (১৭ জুলাই) গোপালগঞ্জ নার্সিং কলেজ প্রশাসনিক ভবনের অডিটোরিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শোভন সরকার। স্থানীয় পর্যায়ে এই মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন, গোপালগঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ নার্সিং কলেজের অধ্যক্ষ ধবলী জয়ধর এবং গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি সরকারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ গীতা রানী বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বইপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের ইনচার্জ এনাম হোসেন মোড়ল।
আয়োজকরা জানান, এই মেলা ও সাংস্কৃতিক উৎসব আগামী ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল ক্রেতা ও দর্শনার্থীদের জন্য মেলার স্টলসমূহ উন্মুক্ত থাকবে। মেলায় বই বিক্রির পাশাপাশি নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।