গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দালানবাজারে লাইসেন্স ছাড়া অবৈধভাবে গরুর মাংস বিক্রির দায়ে দুই কসাইকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার দালানবাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে মানসম্মত ও নিরাপদ মাংস নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।
অভিযানে লাইসেন্স ছাড়া মাংস বিক্রির দায়ে ইকবাল সরকার (৩০) ও আজিজুল ইসলাম (৪৪) নামের দুই মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় পৃথক দুটি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। জনস্বাস্থ্য রক্ষায় এবং বাজারে নিয়ম শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।