জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে আধুনিকায়নকৃত কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন আনুষ্ঠানিকভাবে এই ল্যাবটির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” একই সঙ্গে ল্যাবের সরঞ্জাম বিশ্ববিদ্যালয়ের সম্পদ উল্লেখ করে সেগুলোর সঠিক ব্যবহার ও সুরক্ষায় শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বিভাগ সূত্রে জানা গেছে, ল্যাবটিতে আগে থাকা ৬টি কম্পিউটারের সঙ্গে নতুন করে আরও ২৪টি উচ্চমানের কম্পিউটার সংযোজন করে মোট ৩০টি কম্পিউটারের সেটআপ তৈরি করা হয়েছে। এছাড়া মসৃণ ব্যবহারিক ক্লাস ও প্রশিক্ষণের উপযোগী চমৎকার আসনব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও জবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।