ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পূজা কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ থানাধীন থানা রোডের নবারুণ সংঘ কালী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সঙ্গে পূজা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের মতবিনিময় হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম। এ সময় পূজা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এবারের দুর্গোৎসবে ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ৫৭টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।এ ছাড়া দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বে নিয়োজিত রাখার কথা জানানো হয়।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পূজা কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে।