মাগুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে জেলার বিভিন্ন পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমায় রঙের প্রলেপ, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। একই সঙ্গে উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদারে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর মাগুরায় মোট ৬৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২২৭টি, শ্রীপুরে ১৫৮টি, মহম্মদপুরে ১২৭টি এবং শালিখায় ১৩২টি মণ্ডপ রয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, মাগুরা সদরে ১৫টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ এবং ৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া শ্রীপুরে ১২টি, মহম্মদপুরে ৪টি এবং শালিখায় ১৬টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এসব মণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মাগুরা পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। এখন চলছে প্রতিমায় রঙের প্রলেপ, মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার কাজ। পূজার আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মাগুরা শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি সুশীল কুমার দে বলেন, পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিমা ও মণ্ডপসজ্জার কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবারও সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা করছেন তারা।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। বর্তমানে প্রতিমার রঙ ও মণ্ডপসজ্জার কাজ চলছে। সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রত্যাশা করেন তিনি।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৭ অক্টোবর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সভায় নিরাপত্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।
তিনি আরও বলেন, আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য ধরে রেখে এবারও মাগুরায় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার হওয়ায় জেলার পূজামণ্ডপগুলোতে এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।